রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি
- আপডেট সময় : ০২:২৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) এক ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং সাতজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটি চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। সেখানে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা বা টেস্টিং করার সময় হঠাৎ পাইপ ফেটে আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
নিহত বাংলাদেশি নাগরিকের নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন, তবে এই আকস্মিক মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর থেকে রাশিয়ার বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্তকরণ, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিখোঁজদের উদ্ধারের জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।





























