অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ড. মেহযেব চৌধুরীর সায়েন্স ফিকশন ‘ব্রিচ’
- আপডেট সময় : ০৪:৪১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ ও মানবজাতির টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত সায়েন্স ফিকশন সিনেমা ‘ব্রিচ’ মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে। ছবিটির কাহিনীতে দেখানো হয়েছে, প্রযুক্তি কীভাবে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এর ফলে সমাজ ভেঙে পড়ার উপক্রম হয়। টান টান উত্তেজনায় ভরা এই সিনেমায় মানবজাতিকে তাদের সহ্যক্ষমতার চূড়ান্ত সীমার চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যায়।
চলচ্চিত্রটির কাহিনীকার ড. মেহযেব রহমান চৌধুরী একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে উদ্ভাবক, অপরাধবিজ্ঞানী, ফৌজদারি আইনের ব্যারিস্টার এবং প্রশিক্ষক। তিনি ‘এমএবিএমএটি ক্রাইম সিন ইমেজিং রোভার’ উদ্ভাবন করে নাসা (NASA) এবং আমেরিকান বার এসোসিয়েশন (ABA)-এর প্রশংসা অর্জন করেছেন। বর্তমানে তিনি বৃটেনের নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। সায়েন্স ফিকশন লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। ‘ব্রিচ’ সিনেমায় তিনি ভবিষ্যতের পাঁচটি শিহরণ জাগানো ঘটনাকে একত্রিত করে একটি টানটান সায়েন্স ফিকশন আখ্যান ফুটিয়ে তুলেছেন।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন রয় হুয়াং, নিক আজারো, স্টিফেন আইজেনম্যান, আলেকজান্দ্রা চেনজেক, ব্রুনো সেন্টোফ্যান্ট ও ডেস্টিনি ইজলে। এর প্রযোজনায় ছিলেন থমাস আর আর্থারটন ও সুজানা আভেটিসিয়ান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেনিফার সান বেল, সোফি কেনেডি ক্লার্ক এবং জ্যানেট কার্টারসহ আরও অনেকে।



























