ধর্ষণের অভিযোগে বৃটিশ র্যাপার ইয়ং ফিলির বিরুদ্ধে পুনঃবিচারের নির্দেশ
- আপডেট সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় এক ভক্তকে ধর্ষণের তিনটি অভিযোগে বৃটিশ র্যাপার ও জনপ্রিয় ইউটিউবার ইয়ং ফিলির বিরুদ্ধে আবারও বিচারের নির্দেশ দেয়া হয়েছে। জুরি বোর্ড বেশ কয়েকটি যৌন নিপীড়নের অভিযোগ থেকে তাকে খালাস দিলেও বাকি অভিযোগগুলোতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আদালত এই আদেশ দেয়। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
আন্দ্রেস ফেলিপে ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্তোস নামে পরিচিত ৩১ বছর বয়সী এই তারকার বিরুদ্ধে ২০২৪ সালের সেপ্টেম্বরে পার্থের একটি নাইটক্লাবে সঙ্গীত পরিবেশনের পর হোটেলে নিয়ে এক নারী ভক্তকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মোট ১০টি অভিযোগ আনা হয়েছিল। গত মাসে সমাপ্ত হওয়া বিচারে জুরি বোর্ড তাকে শ্বাসরোধ ও ধর্ষণের চারটি অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করে। তবে ভক্তকে কামড়ে দিয়ে শারীরিক ক্ষতি করার দুটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। বাকি তিনটি ধর্ষণের অভিযোগে জুরি কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
আদালত সূত্রে জানা গেছে, প্রসিকিউশন পক্ষ অভিযোগ করেছিল যে, ভক্তের সাথে পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্ক শুরু হলেও একপর্যায়ে ওই ইউটিউবার সহিংস রূপ নেন। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, ভুক্তভোগী নারী এই পুনঃবিচারে আবারও সাক্ষ্য দিতে প্রস্তুত আছেন। নতুন বিচারের রায় প্রকাশ না হওয়া পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়া দুটি অভিযোগের সাজা স্থগিত রাখা হয়েছে। আগামী ২৭ আগস্ট তাকে আদালতে তোলা হবে জামিনের শর্ত পুনর্বিবেচনার জন্য, তবে পুনঃবিচারের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।



























