ইতালির হোটেলকাণ্ড নিয়ে মুখ খুললেন নগরবাউল জেমস
- আপডেট সময় : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইতালির রোমে কনসার্ট পরবর্তী হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগ নিয়ে সরাসরি কথা বলেছেন জনপ্রিয় তারকা শিল্পী নগরবাউল জেমস। আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্টকে সামনে রেখে ২০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি কক্ষ নোংরা অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেমস স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ওই কক্ষে তিনি ছিলেন না। জেমসের ভাষ্যমতে, তিনি ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে, আর যে কক্ষটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি ৫৪৯ নম্বর কক্ষ। তিনি আরও জানান, ৫৪৯ নম্বর কক্ষে তাদের সফরসঙ্গী একজন অতিথি গিটারিস্ট ছিলেন, যিনি বয়সে তরুণ।
ঘটনাটিকে খুব বড় করে দেখছেন না উল্লেখ করে জেমস বলেন, এটি কোনো বড় বিষয় নয়। হোটেল পরিষ্কার রাখা নিয়ম হলেও ওই তরুণ গিটারিস্ট তা করেননি, তবে এটিকে তিনি গুরুত্ব দিতে নারাজ। এর আগে ১৬ আগস্ট রোমে কনসার্টের পর জেমস ও তার সফরসঙ্গীদের ব্যবহৃত হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসনের ছবি দেখা যায়। হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথাও জানিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর জেমস ও তার সফরসঙ্গীদের নিয়ে সমালোচনা শুরু হয়। এর আগেও জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, বিতর্কিত ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না এবং তিনি ৩৪৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজেই সেই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন। রোমের এই ঘটনার পর ভেনিসে জেমসের পরিবেশনা ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।




























