হবিগঞ্জের সাতছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
- আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন জঙ্গলে অভিযান চালিয়েছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাটির নিচ থেকে ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সীমান্ত পিলার ১৯৭৮ থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘন জঙ্গল এলাকায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল।
বিজিবির প্রাথমিক ধারণা, ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা দুর্গম পাহাড়ি এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ মাটির নিচে লুকিয়ে রেখেছিল। বর্তমানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে বিজিবির অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাতছড়ি জঙ্গল থেকে ১৪ বার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কোনো মামলারই কুল-কিনারা হয়নি।
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৩: ২৭আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৩: ৩৭

























