সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুধ ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ১১:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপটির চালক গুরুতর আহত হয়েছেন।
নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় একজন দুধ ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, সাদ্দাম হোসেন পিকআপে করে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের পৌঁছাতে বিলম্ব হওয়ায় স্থানীয়রা ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ি সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে না জানানোয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছিল। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।





























