সোনালের শতকে লঙ্কানদের ২৮৪, ১৭৮ রানের লিডে ভারত
- আপডেট সময় : ০১:১৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

দেবদূত পাড্ডিকালের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬২ রানের পাহাড় গড়েছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮৪ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে সোনাল দিনুশা সেঞ্চুরি হাঁকালেও প্রথম ইনিংস শেষে ১৭৮ রানের বড় ব্যবধানে লিড পেয়েছে সফরকারী ভারত।
ম্যাচের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। তবে ভারতীয় বোলার মানব সুথারের ঘূর্ণি জাদুতে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় মাত্র ৫৯ রানেই তারা হারিয়ে বসে ৪টি উইকেট। এরপর ৯০ রানে পতন ঘটে পঞ্চম উইকেটের। লঙ্কান ওপেনার নিশান মদুশকা ফার্নান্দো কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এছাড়া লাহিরু উদারা ২৭, দিনেশ চান্দিমাল ৪, কামিন্দু মেন্ডিস ১৪ এবং ধনঞ্জয়া ডি সিলভা ২১ রান করে আউট হন।
দলীয় ৯০ রানে ৫ উইকেট হারিয়ে যখন শ্রীলঙ্কা ধুঁকছিল, তখন ষষ্ঠ উইকেটে হাল ধরেন নিরোশান ডিকভেলা ও সোনাল দিনুশা। এই জুটি ভারতীয় বোলারদের প্রতিরোধ গড়ে স্কোরবোর্ডে আরও ১৪৬ রান যোগ করেন। দুজনই ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে শতক থেকে মাত্র ২০ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন ডিকভেলা। প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হওয়ার আগে তিনি করেন ৮০ রান।
ডিকভেলা সেঞ্চুরি মিস করলেও অন্যপ্রান্তে সোনাল দিনুশা ভুল করেননি। ১৬৮ বল খেলে ১০০ রান পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরি ছোঁয়ার পর নিজের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিতে পারেননি এই লঙ্কান ব্যাটার। শেষদিকে প্রবাথ জয়সুরিয়া ও লাহিরু কুমারা ১০ রান করে অবদান রাখেন। এছাড়া কেশারা নুয়ান্থা ২ রান করেন এবং আসিথা ফার্নান্দো শূন্য রানে অপরাজিত থাকেন।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মানব সুথার। তিনি ৭৬ রান খরচ করে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া রবীন্দ্রা জাদেজা নেন ৩টি উইকেট। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।




























