কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলেন স্পোর্টস স্কলারশিপ
- আপডেট সময় : ১১:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘স্পোর্টস স্কলারশিপ’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়। শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ৬টি ইভেন্টের মোট ১৪ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এর মধ্যে ফুটবল ও ভলিবল (ছেলে) ইভেন্ট থেকে ৩ জন করে এবং অন্যান্য ইভেন্ট থেকে ২ জন করে শিক্ষার্থীকে স্কলারশিপের জন্য বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মহিউদ্দিন।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, এই বৃত্তি প্রদান করা হয়েছে মূলত শিক্ষার্থীদের নিষ্ঠা, পরিশ্রম, দায়িত্ববোধ এবং কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে। কাজের পারফরম্যান্সের ভিত্তিতে যখন মূল্যায়ন করা হয়, তখন সেই স্বীকৃতি আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। তিনি আরও বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টারই প্রমাণ।


























