দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ব্যবসায়িক কার্যক্রম সহজীকরণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনার লক্ষ্যে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বেসরকারি খাতের প্রতিনিধিদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সেবার আওতায় আনার নির্দেশ দেন।
দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ এবং ব্যবসা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন এলাকায় বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যমান জটিলতা নিরসনের উপায় নিয়েও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সরকারের নীতিগত সহায়তার বিষয়ে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্য রয়েছে যেখানে বেসরকারি খাত পূর্ণ নীতিগত সমর্থন পাবে। সরকার ইতিমধ্যে একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব বাজেট উপস্থাপন করেছে, যা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকের তাৎক্ষণিক সিদ্ধান্তগুলোতে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। এই আলোচনার মূল লক্ষ্য হলো ব্যবসা সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
























