খুলনায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

- আপডেট সময় : ০১:০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আমবাড়িয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ২২ বছর বয়সি ফারজানা, তার ২০ বছর বয়সি শ্যালিকা রুবিয়া এবং তাদের ২২ মাস বয়সি শিশুসন্তান। এই মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে গেছেন।
জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র প্রকাশ দাস জানিয়েছেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















