রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন
- আপডেট সময় : ০৩:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানান যে, রাষ্ট্রপতি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পদত্যাগপত্রটিও প্রস্তুত করা হয়েছে। যদিও বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি এতে স্বাক্ষর করেননি। বঙ্গভবনে কর্মরত এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি দুই দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে বঙ্গভবন ছেড়ে যেতে বলা হয়েছে। তিনি সংশ্লিষ্টদের চলতি মাসের মধ্যেই বঙ্গভবন থেকে চলে যাওয়ার নির্দেশনাও দিয়েছেন।
রাষ্ট্রপতির পদত্যাগের এই আলোচনা আরও জোরদার হয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার মাধ্যমে। চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার তার নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়। স্পিকারের অনুপস্থিতির কারণেই মূলত পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি এতদিন বিলম্বিত হচ্ছিল।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি এক সপ্তাহ দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনিও লোকমুখে শুনেছেন এবং দেশে ফিরে এখন বিস্তারিত জানতে পারবেন। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ব্যাংকক থেকে ফিরেছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল মোহাম্মদ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত ছিল। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

























