‘২০০ আসন পেয়ে তারেক রহমানের পাখা গজিয়েছে’: কুড়িগ্রামে নাসীরুদ্দীন পাটওয়ারী

- আপডেট সময় : ১১:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখন তারা জনগণকে মূল্যায়ন করছে না। ২০০ আসন পেয়ে তারেক রহমানের পাখা গজিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সংস্কার না হলে সেই পাখা ভেঙে মাটিতে পড়ে যাবে।
বুধবার বিকেলে কুড়িগ্রামে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে একটি জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এই পদযাত্রাটি কুড়িগ্রাম কলেজ মোড়ের ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছিল ভোট দিলে তারা সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু এখন গদি পাওয়ার পর তারা জনগণকে আর গোনার সময় পাচ্ছে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে বলেন, শেখ হাসিনাও জনগণকে মূল্যায়ন করেননি, যার ফলে জনগণ তার গদিতে আগুন লাগিয়ে দিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান দুইশো আসন পেয়ে আকাশে উড়তে চাইছেন, কিন্তু সংস্কার না হলে তার পরিণতিও ভালো হবে না।
অনুষ্ঠানে উত্তরাঞ্চলের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আবু সাঈদ নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, দেশের উত্তরাঞ্চল এখনও বড় ধরনের আঞ্চলিক বৈষম্যের শিকার। জাতীয় বাজেটের বরাদ্দ উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া পর্যন্ত এসে থেমে যায়, এর ওপাশে আর পৌঁছায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে বৈষম্য ও বাধার সম্মুখীন হওয়ার কথা জানান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের এমপি হওয়ায় তাদের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত রাখা হচ্ছে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা, কথা বলার সুযোগ না দেওয়া এবং উন্নয়ন বরাদ্দ না দিয়ে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
জেলা নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং সদস্য সচিব মেরিনা আক্তারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























