দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সংক্রমণের এই ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় তিনজন, খুলনায় দুজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে একজন করে শিশু রয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৮৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর বাইরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ জন, ফলে সব মিলিয়ে মোট ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৭১ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ২৪২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে উপসর্গ দেখা দেয় এবং ১৪ হাজার ১০৪ জনের হাম শনাক্ত হয়। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৭ হাজার ৮১৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।



























