অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির, ফিরলেন সৌম্য-জাকের

- আপডেট সময় : ০৬:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করা হয়। ঘোষিত এই দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও জাকের আলী অনিক।
সফরকে সামনে রেখে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন শান্ত-মিরাজরা। আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২১ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন—নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।



























