ভালুকায় পুলিশকে পিটিয়ে মাদক মামলার আসামি ছিনতাই
- আপডেট সময় : ০৭:৫৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে ধরতে পুলিশ তার গ্রামের বাড়ি সজনগাঁও গ্রামে অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশ কুদ্দুসকে আটক করলে সে দাবি করে যে তার কাছে জামিনের কাগজ রয়েছে। পুলিশ জামিনের কাগজপত্র দেখতে চাইলে কুদ্দুস টালবাহানা শুরু করে। এক পর্যায়ে কুদ্দুসের স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তার স্বজনরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আসামিকে ছিনিয়ে নেয়।
এই হামলায় ভালুকা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত দুই সদস্যকে উদ্ধার করে রাত ৯টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত এএসআই রাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।




























