টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর
- আপডেট সময় : ০৮:১৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাজধানীর ওয়ারীর টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের রেষারেষিতে রিনা রানী দাস (৪০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। গতকাল দুপুর একটার দিকে নিজের ছোট সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে প্রণয় ঘোষ জানান, তার ছোট ভাই পৃথুরাজ ঘোষ (১২) নবাবপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। মা পৃথুকে স্কুলে রেখে হেঁটে বাসায় ফেরার সময় টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দুই বাসের প্রতিযোগিতার ফলে একটি বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত রিনা রানী দাসের স্বামী বিশ্বজিৎ ঘোষ জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে তারা ওয়ারীর কে এম দাস লেনের স্বামীবাগ এলাকার বি/৩১৮/৭ নম্বর বাসায় ভাড়া থাকেন। পেশায় মাছ কাটার কাজ করা বিশ্বজিৎ বলেন, স্ত্রী রিনা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বেপরোয়া বাস চালকদের কারণে এর আগেও অনেকের মৃত্যু হয়েছে। প্রশাসন ও ডিসি ট্রাফিককে চিঠি দিয়েও কোনো সুরাহা মেলেনি, এমনকি ওই এলাকায় একটি স্পিড ব্রেকারও বসানো হয়নি। এত মানুষের প্রাণ যাওয়ার পরও কারও কোনো ভ্রুক্ষেপ নেই বলে তিনি অভিযোগ করেন।
ঘটনাস্থলে যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানার এস আই আবুবক্কর জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় দোয়েল ও বন্ধন পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে ওয়ারী থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


























