ইয়েমেনে সৌদি ও ইরান সমর্থিত বাহিনীর সংঘর্ষে নিহত ৪৮
- আপডেট সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ও ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তীব্র সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) উভয় পক্ষের সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারি বাহিনীর একটি সামরিক সূত্র জানিয়েছে, সর্বশেষ এই সংঘর্ষে তাদের ১৭ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পক্ষের ৩১ জন যোদ্ধা নিহত হয়েছেন।
এদিকে ইয়েমেনে এই উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরের কাছে আগুনের শিখা ও বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। শুক্রবার গভীর রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ দেশটির রাজধানীসহ দেশজুড়ে ‘শত্রুতাপূর্ণ আকাশপথের হুমকি’র সতর্কতা জারি করে রেখেছিল।
রিয়াদে অন্তত একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন খবরে জানানো হয়েছে। এর পরপরই সকালে বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়া দেখার খবর সামনে আসে। হুতিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে সৌদি আরব গত কয়েক বছরে বহু বিমান হামলা চালালেও তা হুতি যোদ্ধাদের অগ্রযাত্রা থামাতে পারেনি। এই পরিস্থিতিতে রিয়াদ সম্প্রতি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার আবেদন জানিয়েছে, যা এখনো বাস্তবে পাওয়া যায়নি।




























