গঙ্গা চুক্তি নবায়নে ১৯৭৭ সালের গ্যারান্টি ধারা ফেরানোর দাবি
- আপডেট সময় : ০৯:৩৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

গঙ্গা পানিচুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালের ‘গ্যারান্টি ধারা’ পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ধারাটি চুক্তিতে যুক্ত করা হলে ভাটি অঞ্চলে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিচুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। উভয় দেশই এখন এই চুক্তি নবায়নের জন্য আলোচনার প্রস্তুতি গ্রহণ করছে।
মন্ত্রী উল্লেখ করেন যে, ১৯৭৭ সালের মূল চুক্তিতে গ্যারান্টি ধারাটি থাকলেও ১৯৯৬ সালের চুক্তিতে তা বাদ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “চুক্তিটি নবায়ন করার সময় আমরা যে বিষয়গুলো চাই তার মধ্যে অন্যতম হলো গ্যারান্টি ধারাটি। এটি আমাদের জন্য একটি উচ্চ অগ্রাধিকার। পুনর্আলোচিত চুক্তিতে উভয় দেশের স্বার্থে এটি বিবেচনা করা উচিত।” এই ধারাটি নদীর সবচেয়ে শুষ্ক মৌসুম—অর্থাৎ ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত—বাংলাদেশের জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম পানি প্রবাহের নিশ্চয়তা প্রদান করত।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আশা প্রকাশ করেন যে, গ্যারান্টি ধারাসহ গঙ্গা চুক্তি নবায়ন ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করবে। তিনি বলেন, “আমরা খুবই আশাবাদী।” চুক্তির বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) শিগগিরই বৈঠকে বসবে বলেও তিনি জানান।
বিগত ১৭ বছরের সরকার জনগণের স্বার্থকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন পানিসম্পদ মন্ত্রী। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং চুক্তি নবায়নের ক্ষেত্রে তা যথাযথভাবে প্রতিফলিত হবে বলে তিনি আশ্বস্ত করেন। জেআরসি-র আসন্ন বৈঠকে এসব বিষয় গুরুত্বের সাথে আলোচনা করা হবে।




























