সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে হাঁটবে না সরকার: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সন্ত্রাস দমনে সরকার কোনোভাবেই ক্রসফায়ারের পথ অনুসরণ করবে না বলে স্পষ্ট জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষা করে প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস দমন করা হবে। এর আগে সোমবার সকালে তিনি খুলনা জেলা জজ আদালত মিলনায়তনে খুলনার বিচারকদের সঙ্গে পৃথক একটি বৈঠক করেন।
মাদক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, চুয়াডাঙ্গায় পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে ইয়াবা পাচার করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ এ দেশে মাদকের আগ্রাসন চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও আমির এজাজ খান উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীসহ বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।




























