ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ নেই: হাইকোর্ট
- আপডেট সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ থাকছে না। এ সংক্রান্ত একটি রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। এর ফলে ছবিযুক্ত এনআইডি কার্ড বাধ্যতামূলকই থাকছে।
আদালতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রিট আবেদনের পক্ষে লড়েছেন আইনজীবী শেখ ওমর শরীফ ও আইনজীবী ইলিয়াছ আলী মন্ডল। রায়ের পর ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী নিশ্চিত করেন যে, আদালত রুলটি খারিজ করে দেওয়ায় এখন থেকে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই।
মামলার বিবরণী থেকে জানা যায়, ইসলামী শরিয়ত অনুযায়ী পর্দা বজায় রাখতে ছবি তুলতে অস্বীকৃতি জানিয়ে ২০২২ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। ওই রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরাইজড ব্যক্তি করা হয়েছিল। এর আগে ওই বছরের ১০ ফেব্রুয়ারি ছবি ছাড়া বিকল্প উপায়ে এনআইডি কার্ড দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন সুমাইয়া।
আবেদনে সুমাইয়া উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী এবং নিয়মিত শরিয়তের বিধান মেনে চলেন। ধর্মীয় বিধানের কারণে তিনি কোনো ছবি তোলেন না। কিন্তু ছবি ছাড়া এনআইডি কার্ড না থাকায় তিনি নানা ধরনের নাগরিক ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক পদ্ধতিতে তাকে পরিচয়পত্র দেওয়ার আবেদন জানান। কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো সাড়া না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হন।
সুমাইয়ার রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেন। ছবি ছাড়া বিকল্প পদ্ধতিতে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি কার্ড তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল ওই রুলে।
রুল শুনানির সময় রাষ্ট্রপক্ষ এর তীব্র বিরোধিতা করে। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, ছবি ছাড়া এনআইডি দেওয়ার আবেদনটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাছাড়া ব্যাংক হিসাব খোলা, হজে যাওয়া এবং বিভিন্ন নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে ছবির ব্যবহার অপরিহার্য। ছবি ছাড়া পরিচয় নিশ্চিত করা না গেলে আর্থিক জালিয়াতি বা অন্যের অর্থ উত্তোলনের মতো ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও তোলে রাষ্ট্রপক্ষ। এছাড়া রাষ্ট্রপক্ষ আরও জানায়, শুধু বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের আইরিশ স্ক্যান করতে গেলেও পর্দা সরিয়ে মুখমন্ডল উন্মোচনের প্রয়োজন হতে পারে। দীর্ঘ শুনানি শেষে আদালত রুলটি খারিজের সিদ্ধান্ত দেন।





























