আগস্টের ২৯ দিনে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
- আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

চলতি আগস্ট মাসের ২৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২৬৬ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের ১ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৬ কোটি ৭০ লাখ ডলার।
ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় এই আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন।
২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার।





























