ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ ছিনতাই
- আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছাকাছি পৃথক দুটি ঘটনায় সশস্ত্র জলদস্যুরা দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে। এই জাহাজ দুটিতে মোট ২২ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। শুক্রবার ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আশার কথা হলো, ছিনতাই হওয়া উভয় জাহাজের সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন।
প্রথম ঘটনাটি ঘটে সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে। ক্যামেরুনের পতাকাবাহী এম/ভি লুতুফ নামের জাহাজটি ১৭ আগস্ট জলদস্যুদের কবলে পড়ে। ১০ জন নাবিক নিয়ে চলাচল করা এই জাহাজটিতে ছয়জন ভারতীয় নাবিক ছিলেন।
এর তিন দিন পর ২০ আগস্ট ইয়েমেনের উপকূলের অদূরে এডেন উপসাগরে দ্বিতীয় ঘটনাটি ঘটে। ইরিত্রিয়ার পতাকাবাহী এম/টি সিবু-১ নামের একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র জলদস্যুরা দখল করে নেয়। ওই জাহাজে মোট ২০ জন নাবিক ছিলেন, যার মধ্যে ১৬ জনই ভারতীয়। ভারতীয় নৌপরিবহন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, উভয় জাহাজের নাবিকদের সুরক্ষার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তারা বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।




























