নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, ইউএই ও ইন্দোনেশিয়া
- আপডেট সময় : ০১:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৬ নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। এবারের আসরে বাংলাদেশ দল 'বি' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইন্দোনেশিয়া।
অন্যদিকে, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং ও চীনকে নিয়ে গঠিত হয়েছে 'এ' গ্রুপ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে ৫ সেপ্টেম্বর।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের টুর্নামেন্ট যাত্রা শুরু করবে। এরপর ৬ সেপ্টেম্বর টাইগ্রেসরা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল ম্যাচগুলো ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৩ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণ করা হবে।




























