দামুড়হুদায় ১০ গ্রাম গাঁজাসহ আটক জাহিদুল, ১৫ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৫:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনা ও দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড এবং পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মাহাবুল হক হাউলী মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার নতুন বাস্তপুর গ্রামের একটি বাড়িতে একজন ব্যক্তি মাদক সেবন করছেন এবং জনসাধারণের সঙ্গে বিরক্তিকর আচরণ করছেন। তাৎক্ষণিক অভিযানে নতুন বাস্তপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদকে (৪৩) আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের পকেট থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক জাহিদকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ সোপর্দ করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ জয়রামপুর কলোনীপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে রিপনকে (২২) সোমবার তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। রিপন সিআর-৩০৭/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, মাদক নির্মূল ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উভয় আসামিকে সোমবারই আদালতে সোপর্দ করা হয়েছে।




























