যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দেশে কোনো যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র্যাব) এবং আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। এই অভিযানগুলো চলমান রয়েছে এবং ভবিষ্যতে এগুলোকে আরও জোরদার করা হবে।
আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩.৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। বর্তমান খিলগাঁও অফিসের সীমাবদ্ধতা দূর করতে এখানে একটি আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এছাড়াও ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে, যা দেশের সর্ববৃহৎ ফোর্স। কেন্দ্রীয়ভাবে দায়িত্বরত সদস্যদের আবাসন সংকট নিরসনে আশুলিয়া ও শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর অবদানকে মন্ত্রী ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দাবি-দাওয়া পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড বা দায়িত্বে অবহেলার বিষয়ে তিনি বলেন, দোষী প্রমাণিত হলে কেবল প্রত্যাহার নয়, বরং যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা ও ক্রিমিনাল অফেন্স মামলা দায়ের করা হচ্ছে।
ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না। এছাড়া ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রাস্তা খনন বা নির্মাণ কাজের ক্ষেত্রে যানজট এড়াতে পুরো রাস্তা একসাথে না কেটে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

























