আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রীয় পদক
- আপডেট সময় : ০৪:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান এবং পেশাগত অনন্য দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশের ৯২ জন সদস্যকে রাষ্ট্রীয় পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের পদকপ্রাপ্তদের তালিকায় রয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ৪টি ভিন্ন ক্যাটাগরিতে এই পদক দেওয়া হচ্ছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট শাখার উপসচিব নাসরিন সুলতানা।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। মূলত সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবামূলক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।
মনোনীত ৯২ জন পুলিশ সদস্যকে যে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়া হবে, সেগুলো হলো— বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। প্রায় এক বছরের কর্মদক্ষতা ও সাহসিকতার মূল্যায়ন করে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। পুলিশ সদস্যদের পেশাগত কাজে আরও উৎসাহিত করা এবং তাদের বিশেষ অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই প্রতিবছর এই পদক প্রদান করা হয়।


























