৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) চারজন মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালানো হচ্ছে।
পররাষ্ট্রসচিব জানান, এবারের সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের কর্মসূচিগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন। এর মধ্যে চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন।
সফরসঙ্গীদের নিরাপত্তা প্রসঙ্গে আসাদ আলম সিয়াম বলেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সফরকারী দলের নিরাপত্তার একটি বড় অংশ মার্কিন কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। তাই সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নিউইয়র্কে কতদিন অবস্থান করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, একটি ফলপ্রসূ সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ঠিক ততটুকুই সেখানে থাকবেন। সফরের স্থায়িত্বের চেয়ে সময়ের সঠিক ব্যবহারকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।


























