আইনজীবীদের প্রশিক্ষণের অভাব বড় সংকট: আইনমন্ত্রী আসাদুজ্জামান
- আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দেশে বর্তমানে কর্মরত প্রায় ৮০ হাজার আইনজীবীর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের সুযোগ না থাকাকে এই পেশার অন্যতম প্রধান সংকট হিসেবে চিহ্নিত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনজীবী হিসেবে মানবিকতার চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আইনমন্ত্রী বলেন, আদালতের একজন কর্মকর্তা হিসেবে আইনজীবীদের মূল দায়িত্ব হলো আদালতকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
দেশের বিদ্যমান আইনে কোনো অসংগতি শিক্ষার্থীদের চোখে পড়লে তা সংশোধনের জন্য খসড়া প্রস্তাব তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, আইনের অসংগতি সংশোধনে শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং প্রস্তাবনা সরকারকে আরও সমৃদ্ধ করবে।


























