সংবাদপত্রের স্বাধীনতা মানে যা খুশি তা লেখা নয়: প্রেস সচিব
- আপডেট সময় : ০৫:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৯। বাংলাদেশ সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকলেও, এই স্বাধীনতার অর্থ যা ইচ্ছে তা লেখা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। অনুষ্ঠানে তিনি গণমাধ্যমের স্বাধীনতা যেন কোনোভাবেই স্বৈরাচারীতায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রেস সচিব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, গুঞ্জন ও মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে অসত্য তথ্যের প্রভাব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, যা রোধ করা জরুরি। বিশেষ করে যাচাই-বাছাই না করে একতরফাভাবে কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য তিনি সাংবাদিকদের প্রতি তাগিদ দেন।
অপতথ্য রোধে প্রতিটি সংবাদমাধ্যমে নিয়মিতভাবে তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ এবং বিশেষ অনুষ্ঠান প্রচারের প্রস্তাব দেন সালেহ শিবলী। তিনি প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মোবাইল জার্নালিজমে যুক্ত সবাইকে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিটের একটি অনুষ্ঠান বা নির্দিষ্ট প্রতিবেদনের মাধ্যমে আলোচিত খবরের সত্যতা যাচাই করে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
সংবাদপত্রের স্বাধীনতার পরিধি ও সীমানা নিয়ে প্রেস সচিব বলেন, “আমার স্বাধীনতা যেমন আছে, তার একটি সীমানারেখাও রয়েছে। কিন্তু এই সীমা সরকার কিংবা কোনো ব্যক্তি নির্ধারণ করবে না; সংবাদপত্রের স্বাধীনতার সীমানারেখা নির্ধারণ করবে আদালত।” ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।


























