মেহেরপুরে বিপুল মাদক, গুলি ও নগদ ৯ লাখ টাকাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গুলি, মুঠোফোন এবং নগদ ৯ লাখ টাকাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—মেহেরপুর শহরের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা ফিরোজ হোসেন (৫৬) এবং তার ছেলে আমানুল্লাহ আমান (২৭)।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম জানান, শহরের জগার মিলের পাশে ফিরোজ হোসেনের বাড়িতে মাদকের বেচাকেনা চলছে বলে গোপন খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে ফিরোজের বাড়ি তল্লাশি করে ৩৭৩ পিস ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাঙ, ৫ রাউন্ড গুলি, দুটি মুঠোফোন এবং নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। অবৈধ এসব মালামাল উদ্ধারের পর ফিরোজ হোসেন ও তার ছেলে আমানুল্লাহকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম আরও জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িটিতে মাদকের ব্যবসা চালানো হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

























