রূপপুরে অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎকেন্দ্রের কাজ স্বাভাবিক
- আপডেট সময় : ১০:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের মূল স্থাপনার বাইরে একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কারণে বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। বর্তমানে প্রকল্পের সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
গত ৭ই সেপ্টেম্বর ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে প্রকল্পের 'পায়োনিয়ার বেস' (Pioneer Base)-এর একটি অস্থায়ী ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনায় কোনো মানুষ হতাহত হননি। তবে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিসের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, আইটি এবং যোগাযোগ সংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্ত সব নথিপত্রের পর্যাপ্ত ব্যাকআপ থাকায় তথ্য সংরক্ষণ বা দাপ্তরিক কাজে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি স্প্লিট-টাইপ এসির (Split-type AC) ইনডোর ইউনিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে প্রকল্পের ফায়ার সেফটি প্রসিডিউর মেনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরেই বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে। ইতিমধ্যে প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। অগ্নিকাণ্ডটি মূল স্থাপনার বাইরে একটি অস্থায়ী ভবনেই সীমাবদ্ধ থাকায় এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় জনসাধারণকে এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























