সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসভবনের গ্যাসলাইনে আগুন
- আপডেট সময় : ০৬:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ পৌর শহরে বজ্রপাতের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ সড়কের বাড়িতে এ ঘটনা ঘটে। একই সময়ে কাছাকাছি আরও দুটি ভবনের গ্যাসলাইনেও আগুন লেগে যায়। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত শুরু হলে বেলা সোয়া একটার দিকে হোসেনপুর আল-মাহমুদ সড়কে মন্ত্রীর বাসভবনের গ্যাসলাইনে আগুন ধরে যায়। বাসভবনের প্রধান ফটকের ডান পাশের দেয়াল ঘেঁষে প্রায় ১০ ফুট ভেতরে বাগানের মধ্যে থাকা গ্যাসলাইনের রাইজারটি পুড়ে গেছে। এ সময় বাড়ির নিরাপত্তাপ্রহরী শফিকুল ইসলাম দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জ্বালানিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু হেনা মোস্তফা নোমান জানান, বজ্রপাতের পর হঠাৎ গ্যাসলাইনে আগুন ধরে যাওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে মন্ত্রীর বাসভবন ছাড়াও পাশের হোসেনপুর বাগানবাড়ী এলাকার আরও দুটি ভবনে বজ্রপাতের পর গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, বজ্রপাতের কারণে মন্ত্রীর বাসভবন ও পাশের দুটি ভবনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসব ঘটনায় সামান্য ক্ষতি হলেও কোনো মানুষ হতাহত হননি।


























