রেলওয়ের আয় বাড়াতে ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত
- আপডেট সময় : ১১:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে যাত্রীচাহিদা বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ২৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও হিসাব বিভাগের আয়ের হিসাব রিকনসাইল বা সামঞ্জস্য করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই সামঞ্জস্যপূর্ণ হিসাব পরবর্তী ওআরএম সভায় উপস্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া রেলসেবা সম্প্রসারণ ও রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে চিলমারি থেকে শাটল ট্রেনের মাধ্যমে 'কুড়িগ্রাম এক্সপ্রেস'-এর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সংযোগ স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাব পাঠানোর বিষয়েও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



























