মতলব উত্তরের সড়কে মায়ের হাত ধরে যাওয়ার সময় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৪:২২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় একটি অবৈধ ট্রলির ধাক্কায় ফারিহা নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনের পাকা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারিহা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে দিয়ে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিল শিশু ফারিহা। এ সময় একটি দ্রুতগতির ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পরই চালক তার ট্রলিটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন মা ফারজানা আক্তার। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘আমার মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে তাকে ধাক্কা দেয়। চোখের সামনে আমার মেয়েটা পড়ে যায়।’
এদিকে এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে কোনো ধরনের লাইসেন্স বা বৈধতা ছাড়াই অবাধে চলাচল করছে অবৈধ ট্রলি ও টমটম। এসব যানবাহন প্রায়ই বেপরোয়া গতিতে চালানো হয়, যা সাধারণ পথচারীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষুব্ধ স্থানীয়রা অবিলম্বে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, সুরুজ প্লাজার সামনে ইঞ্জিনচালিত একটি ট্রলির ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এই প্রতিবেদনটি ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর ০৪:১০ মিনিটে প্রকাশিত হয়েছে।


























