নদী দূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এসব নদীর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও সঠিক ব্যবস্থাপনা এবং নদীগুলোর নাব্যতা বজায় রাখার বিষয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়নের বিষয়টিও সভায় গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান নদী রক্ষায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শুধু নিজেদের জন্য নয়, বরং পরবর্তী প্রজন্মের কাছে একটি দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করার ওপর জোর দেন তিনি। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে যথাযথ সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (ঢাকা নৌ অঞ্চল) রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট সচিবরা সভায় অংশ নেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।


























