সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
- আপডেট সময় : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়া এসব শিশুর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে অথবা তারা নিজেরা ফিরে এসেছে। বর্তমানে ২ হাজার ৩৮ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে, যা মোট নিখোঁজ শিশুর ১৩ শতাংশ।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়। তবে ওই প্রতিবেদনে উদ্ধার হওয়া বা ফিরে আসা শিশুদের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই বিভ্রান্তি দূর করতে স্থানীয় থানাগুলোর মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি জিডি হয়েছে, যার মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৬৮ জন এখনো নিখোঁজ। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ১৫ হাজার ২৪৩টি জিডি হয়েছে, যার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ হওয়ার কারণ সম্পর্কে পুলিশ জানিয়েছে, ছোট শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়ে পথ হারিয়ে বা ঠিকানা বলতে না পারায় নিখোঁজ হয়। অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজের পেছনে অভিমান, পড়ালেখার চাপ, পারিবারিক কলহ, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার ভয়, পরিবারের কাছ থেকে অর্থ বা সুবিধা আদায়ের চেষ্টা এবং বন্ধু-বান্ধবদের প্রভাবের মতো কারণগুলো সক্রিয় থাকে।
পুলিশ হেডকোয়ার্টার্স আরও জানিয়েছে, বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু রয়েছে। এর ফলে সাধারণ ডায়েরির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছে ২২ হাজার ৫৫০টি।


























