বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলের সহায়তা চাইল বাংলাদেশ পুলিশ
- আপডেট সময় : ১২:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের কাছে একটি ই-মেইল পাঠিয়ে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, ইন্টারপোলের কাছে পাঠানো এই ই-মেইলে সাবেক আইজিপির বর্তমান অবস্থান সম্পর্কে জানার পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের অনুরোধও করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গিয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, তাঁর কাছে দেশটির পাসপোর্ট রয়েছে এবং সেখানে তাঁর যৌথ বিনিয়োগ ও গ্রোস আইসলেট এলাকায় একটি ফ্ল্যাটও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালতে শুনানির পর বেনজীর আহমেদ জামিন পান এবং আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও আইনি প্রক্রিয়ার ওপর এই শুনানি অনুষ্ঠিত হয়েছিল। জামিন পাওয়ার পর ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা তাঁর জন্য তদবির করেছিলেন বলেও দাবি করা হয়েছে।
কারামুক্তির খবর পাওয়ার পর বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সূত্রের দাবি, জামিনের পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্পেনসহ কয়েকটি দেশের সম্ভাবনা যাচাই করে শেষ পর্যন্ত সেন্ট লুসিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন বেনজীর আহমেদ। মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদের অবস্থান নিশ্চিত করতে ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ওপরই এখন ভরসা করছে বাংলাদেশ পুলিশ।




























