জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় ২৫ সদস্যের কমিটি গঠন
- আপডেট সময় : ০৯:৪২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামোর আওতায় আনার লক্ষ্যে সরকার ২৫ সদস্যের ‘ন্যাশনাল কমিটি অন ক্লাইমেট ফাইন্যান্স’ (এনসিসিএফ) গঠন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সহসভাপতি হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এছাড়া প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজকে কমিটির সমন্বয়ক এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা, যেমন—স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশের জাতীয় রূপকল্প, লক্ষ্য এবং কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে। প্যারিস চুক্তির আর্টিকেল-৬সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে দেশের কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়েও কমিটি পরামর্শ দেবে। পাশাপাশি, কার্বন ট্রেডিং কার্যক্রম পরিচালনার নীতিগত নির্দেশনা প্রদান এবং আর্টিকেল-৬ বাস্তবায়নে মনোনীত জাতীয় কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধান করবে এই কমিটি।
এনসিসিএফ-এর দায়িত্বের মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন-সংক্রান্ত নীতি, কৌশল ও নির্দেশিকা চূড়ান্ত করা, বিদ্যমান নীতিমালার প্রয়োজনীয় সংশোধন ও সংস্কারের সুপারিশ করা এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় জলবায়ু তহবিলের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণ করা। এছাড়া কর্মসূচি ও প্রকল্পের অগ্রগতি পরিবীক্ষণ ও মূল্যায়ন, জলবায়ু অর্থায়ন-সম্পর্কিত বাস্তবায়ন ও কারিগরি কমিটির কার্যক্রম তত্ত্বাবধান এবং আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের নীতিগত জটিলতা নিরসনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই কমিটি।
প্রজ্ঞাপন অনুযায়ী, বছরে অন্তত দুবার কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে যেকোনো সময় সভা আহ্বান করা যাবে এবং প্রয়োজনবোধে কমিটিতে নতুন সদস্য কো-অপ্ট করা সম্ভব হবে।




























