মোংলায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজার একটি বড় চালানসহ গোপাল সরকার নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দ্বিতীয় ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আটক গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি অভিযানিক দল। এ সময় পরিবহনযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে আটক করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপাল সরকার দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছিলেন। তিনি স্থানীয় ছোট ছোট মাদক কারবারিদের কাছে এসব মাদক বিক্রি করতেন। বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে যে, এই বিশাল চালানের উৎস কোথায় এবং এর সঙ্গে আর কারা জড়িত। এদিকে, মাদক কারবারিদের আটকের পর বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি সহযোগীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। র্যাবও নিশ্চিত করেছে যে, মাদকের বিরুদ্ধে তাদের এই বিশেষ কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২৯


























