কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভ
- আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

দীর্ঘ ১২ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘোষিত এই কমিটিতে ওমর ফারুককে সিনিয়র সহ-সভাপতি এবং জাকির হোসেন নাইমকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া তারেক রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফারহান ইকবাল সাদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করা হলেও, কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, সর্বশেষ ২০১৪ সালে কমিটি গঠন করা হয়েছিল এবং এরপর থেকে দীর্ঘ সময় কমিটি না থাকলেও তারা নিয়মিত কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, সুদীর্ঘ ১২ বছর পর কমিটি ঘোষিত হলেও এতে গভীর হতাশা ও প্রশ্ন রয়ে গেছে। তিনি জানান, বিগত বছরগুলোতে সংগঠনের দুর্দিনে মাইন উদ্দিন, তানভীর, সাকিব ও নোমানদের মতো নেতারা রাজপথে সক্রিয় ছিলেন, কিন্তু বয়সের অজুহাত কিংবা জেলা ও মহানগরের ইস্যু সামনে এনে তাদের বঞ্চিত করা হয়েছে।
ছাত্রদল নেতা মাইন উদ্দিন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি নেতাকর্মীদের নিয়ে প্রতিটি সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, অথচ নতুন কমিটিতে তাদের নাম নেই। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।


























