জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলকে প্রতিমন্ত্রী শাহে আলমের প্রশ্ন
- আপডেট সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য জনগণকে বিভ্রান্ত না করে। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধীদলের ঘোষিত লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারা হিসাব করে দেখেছেন যে, আগামী ৫ তারিখের পর বিরোধীদল লংমার্চে যাবে এবং সেখানে প্রায় ১ লাখ লিটার তেল ব্যবহার করবে। তিনি প্রশ্ন রাখেন, জ্বালানির যদি সত্যিই সমস্যা থাকে, তবে বিরোধীদল এই ১ লাখ লিটার তেল কোথায় পাবে। তিনি নিশ্চিত করেন যে তেলের কোনো সংকট নেই এবং বিরোধীদল তাদের গাড়িতে করেই লংমার্চে অংশ নেবে।
উল্লেখ্য যে, গত ২৫ আগস্ট জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। তার ঘোষণামতে, ওই দিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে, যাতে অন্তত এক হাজার গাড়ি যুক্ত থাকবে। লংমার্চের দাবির মধ্যে বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের নিরসনসহ ছয়টি দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
মীর শাহে আলম বলেন, বিরোধীদলের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি মোকাবিলার প্রয়োজন নেই। তবে তিনি মন্তব্য করেন, মঞ্চের পেছনে ফ্যান চালিয়ে বিদ্যুৎ নেই বলাটা সাধারণ মানুষের বিবেচনা করা উচিত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাময়িক সমস্যার জন্য সরকার জনগণের কাছে ক্ষমা চেয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী চলতি সংসদে এ বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নতুন আইন অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে ও সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হবে। যদিও দলগুলো তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রার্থীকে সমর্থন দিতে পারে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং মামলা-হয়রানির শিকার ব্যক্তিরা দলীয় সমর্থনে অগ্রাধিকার পাবেন। সরকার স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।


























