কুড়িগ্রামে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকরা
- আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি আমন মৌসুমে সারের তীব্র সংকটের জেরে ক্ষুব্ধ কৃষকরা এক ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেছেন। রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ইউরিয়া সারের নীরব সংকট চলছে। বারবার চেষ্টা করেও তারা পর্যাপ্ত সার পাচ্ছিলেন না। ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামে সার না দিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন বলে তারা অভিযোগ করেন।
জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার ‘শাহ আমানত ট্রেডার্স’ তাদের বরাদ্দের ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে রেখেছিল। কৃষকরা বারবার সারের জন্য সেখানে গেলেও খালি হাতে ফিরতে হচ্ছিল। এতে চরম ক্ষুব্ধ হয়ে রোববার সকালে স্থানীয় কৃষকরা ডিলারের ওই গুদাম ভেঙে ইউরিয়া সার নিয়ে যান। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের অনুরোধে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় কৃষকরা কিছু সার ফেরত দিয়ে যান। তবে এই ঘটনার পর ডিলার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তাইফুর রহমান মুকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, সার না পাওয়ার আশঙ্কা থেকেই কৃষকরা গুদাম থেকে সার নিয়ে গেছেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। কৃষকদের নিয়ে যাওয়া ১৯০ বস্তা সারের মধ্যে পুলিশের তৎপরতায় কিছু সার ফেরত পাওয়া গেছে এবং বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার জানান, ওই ইউনিয়নে ইউরিয়া সারের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। এর মধ্যে এবারের ৩৪০ বস্তা সার উত্তোলন করেছিলেন ওই ডিলার। ঘটনার দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সার বিতরণ চলাকালীন কিছু উশৃঙ্খল জনতা ডিলারের গুদাম ভেঙে ১৯০ বস্তা সার জোরপূর্বক নিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় কিছু সার উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, তিনি এবং সার্কেল এএসপি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং লুট হওয়া সার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।



























