মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, চূড়ান্ত সাচিং ও লিংকন
- আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, মন্ত্রিসভায় নতুন করে দুই মুখ যুক্ত হতে যাচ্ছে। এই ধাপে নতুন সদস্য হিসেবে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় ছিল, শেষ পর্যন্ত এই দুইজনের নামই চূড়ান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।
নতুন এই দুই সদস্যের শপথগ্রহণের সময়সূচি সম্পর্কে জানা গেছে, আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তারা তাঁর কাছ থেকে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের আইনি বাধ্যবাধকতা থাকায় ২২ আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি শপথ নিতে পারেন। এই প্রক্রিয়া অনুসরণ করেই নতুন দুই মন্ত্রী শপথ নেবেন। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার কিংবা রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।



























