অবসরের টাকা পেতে শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শিক্ষকদের অবসরের টাকা পাওয়ার জন্য আর কোনো সরকারি অফিসে ঘুরতে হবে না। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা পর্যন্ত শিক্ষকদের তাদের পাওনা সুবিধা পেতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষকদের হয়রানির তীব্র সমালোচনা করে বলেন, যারা নীতি-নৈতিকতা ও আদর্শের বাণী শিখিয়ে লাখো শিক্ষার্থীকে গড়ে তোলেন, তাদের নিজেদের প্রাপ্য টাকা তুলতে ঘুষ দিতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরতে হয়—এটি জাতি হিসেবে আমাদের জন্য দীনতা ও হীনতা। তিনি আশ্বস্ত করে বলেন, আগামী দিনগুলোতে শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ। আজ আমরা কোনো রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের টাকা পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ।
সরকারপ্রধান জানান, এই পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করা সহজ ছিল না। বিগত ফ্যাসিবাদী সরকার ব্যাংক ও বিমা খাতসহ প্রতিটি সেক্টরে লুটপাট চালিয়েছিল, যার প্রভাব থেকে শিক্ষকদের এই দুটি তহবিলও মুক্ত ছিল না। জাল ইনডেক্স তৈরি এবং দুর্বল ব্যাংকে অর্থ সরানোর কারণে তহবিল দুটি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল, যার ফলে ২০২২ সাল থেকে শিক্ষকরা আর্থিক অনিশ্চয়তায় পড়েন। বর্তমান সরকার বিশেষ ব্যবস্থায় শিক্ষকদের দুরবস্থার কথা চিন্তা করে এই বিশাল অর্থের সংকুলান করেছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমাজের আলোকবর্তিকা হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত নিয়মে পেশা থেকে অবসর নিলেও শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা ভূমিকা রাখবেন।
বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























