পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক
- আপডেট সময় : ০৭:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। রবিবার (৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের ধারণা, এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আসন্ন সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। একই সঙ্গে আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর গত ২৯ জুলাই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় নিয়োগ দেয় ভারত সরকার। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে আসেন। আগামী সোমবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

























