রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন

- আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে হিরা (৪০) নামের এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত জাবেদ শেখের ছেলে এবং গোয়ালন্দ পৌর যুবলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী শামসুন্নাহার মুক্তার ভাষ্যমতে, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন শরিফুলের বুকে চাকু বিদ্ধ অবস্থায় রয়েছে। তখন শরিফুল চাকুটি বের করে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চাকুটি বের করে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে কামরুল ফকিরের (৩৫) কাছ থেকে ছয় হাজার টাকা ধার নিয়েছিলেন শরিফুল। কিস্তিতে কিছু টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় কামরুল শরিফুলের পথ রোধ করেন। নিহতের চাচা ও শিক্ষক রবিন নুরতাজ জানান, পাওনা টাকার জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কামরুল হাতে থাকা ধারালো চাকু দিয়ে শরিফুলের বুকে আঘাত করে পালিয়ে যান।
স্থানীয়দের একাংশের দাবি, গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড় থেকে কুমড়াকান্দি রেলব্রিজ পর্যন্ত এলাকায় মাদক কারবার চলে এবং শরিফুল ও কামরুল দুজনই এর সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের টাকার ভাগাভাগি নিয়ে এই বিরোধের সূত্রপাত হতে পারে বলে তাঁরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত কামরুল ফকিরকে আজ দুপুর ১২টার দিকে পৌরসভার কুমড়াকান্দি রেলব্রিজ এলাকা থেকে আটক করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পাওনা টাকার বিরোধের বিষয়টি সামনে এলেও মাদকের টাকার সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্তসাপেক্ষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

























