মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর
- আপডেট সময় : ০২:৫১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে মনোনীত করেছে সরকার। গত বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে সংসদ সদস্য হামিদুর রহমানকে নির্দেশক্রমে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পরিচালককে এই নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নবনিযুক্ত সভাপতিকে বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, পুরান ঢাকাসহ আশেপাশের এলাকার লাখো মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল হলো মিটফোর্ড হাসপাতাল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এই প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি হ্রাস, অবকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে কাজ করবেন।
হাসপাতালটিকে আরও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছেন জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যমান সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসাসেবা যেন আরও সহজ, মানসম্মত ও সবার জন্য নিশ্চিত হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।


























