প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির, মোংলায় যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও স্বাক্ষর নকল করে অবৈধভাবে তদবির বাণিজ্যের অভিযোগে বাগেরহাটের মোংলায় মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
গ্রেপ্তার হওয়া কামরুজ্জামান টুকু মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রথমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। এরপর তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল এবং স্ট্যাম্পেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রভাব খাটানো এবং তদবিরের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া সিল-স্ট্যাম্পসহ অন্যান্য আলামত যাচাই করে এই জালিয়াতির মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় কামরুজ্জামান টুকুর নাম উল্লেখ করে এবং ঘটনার সাথে জড়িত আরও দুইজনের নামে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে টুকুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে নাম-পদবি সংবলিত সিল ও স্ট্যাম্পেট উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই জালিয়াতির ঘটনাটি স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ব্যবহার করে এমন প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বা তার কোনো প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে গ্রেপ্তার হওয়া টুকু কিংবা তার পরিবারের কোনো সদস্যের মন্তব্যও নেওয়া সম্ভব হয়নি।

























