যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, সুপ্রিম কোর্টে কপিল সিব্বলরা
- আপডেট সময় : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ‘যন্তর মন্তর ২.০’ শীর্ষক এক বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টিসহ একাধিক রাজনৈতিক দল, ছাত্র ও যুব সংগঠন যৌথভাবে এই আন্দোলনের ডাক দেয়। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীরা যাতে দিল্লিতে পৌঁছাতে না পারেন, সেজন্য কেন্দ্রীয় সরকার রেল, পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিক্ষোভের আয়োজকদের অভিযোগ, পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্য থেকে আন্দোলনকারীদের দিল্লিতে আসা ঠেকাতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিনগামী একাধিক দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন এবং বেশ কয়েকটি ট্রেন বাতিল করার অভিযোগও সামনে এসেছে। তবে কোন কোন ট্রেন বাতিল বা পরিবর্তন করা হয়েছে, তার কোনো পূর্ণাঙ্গ তালিকা কিংবা রেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
রেল যোগাযোগে এমন বিঘ্ন ঘটানোর কারণে আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ রেলযাত্রীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া মধ্যপ্রদেশের ইটারসি জংশনেও আন্দোলনকারীদের পথরোধ করার অভিযোগ উঠেছে। সেখানে গোয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন থামিয়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) এবং অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীদের জোরপূর্বক ট্রেন থেকে নামিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রশাসনের এমন দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দেশের জ্যেষ্ঠ আইনজীবীরা। শুক্রবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, গোপাল শঙ্করনারায়ণন ও বৃন্দা গ্রোভার। প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি উত্থাপন করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কপিল সিব্বল। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের দেশে এসব কী ঘটছে?’ আদালতে অভিষেক মনু সিংভি আন্দোলনকারীদের দিল্লিতে প্রবেশ এবং বিক্ষোভে অংশগ্রহণ ঠেকাতে নেওয়া প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।




























