শেষ মুহূর্তে হুতিদের ওপর মার্কিন হামলা বাতিল করলেন ট্রাম্প
- আপডেট সময় : ১১:০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর সামরিক হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু নির্ধারণের পাশাপাশি যুদ্ধবিমানে বোমা তোলার কাজও শেষ হয়েছিল। তবে অভিযান শুরুর ঠিক আগমুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন ফ্রন্ট খোলার ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এছাড়া ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বাব আল-মানদেব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এর আগে ট্রাম্প উপদেষ্টাদের জানিয়েছিলেন যে তিনি সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে নন, তবে পরবর্তীতে পেন্টাগনকে অভিযানের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন।
অভিযানের জন্য কমান্ডাররা লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করেছিলেন এবং যুদ্ধবিমানগুলো হামলার অপেক্ষায় ছিল। কিন্তু গতকাল রোববার ট্রাম্প পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং আপাতত কোনো বিমান হামলা চালানো হবে না বলে নিশ্চিত করেন।
এর আগে ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প দাবি করেছিলেন যে, হুতিরা তাদের সঙ্গে লড়াই করতে চায় না এবং তারা মার্কিন বাহিনীর ওপর হামলা না করার বিষয়ে যোগাযোগ করেছে। এদিকে, রয়টার্সের তথ্য অনুযায়ী, ইয়েমেনের সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রশিদুল আল-আলিমি গতকাল রোববার ফোনে ট্রাম্পের কাছে সামরিক সহায়তার আবেদন জানালেও মার্কিন প্রেসিডেন্ট সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব সরাসরি সামরিক হস্তক্ষেপের জন৵ ওয়াশিংটনের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে।



























